দিনাজপুরে আকরিকের খনির সন্ধানে খনন চালাচ্ছে জিএসবি
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৩-২৩ ১৫:২৪:০৩
উত্তরের জেলা দিনাজপুরে নতুন খনির অবস্থান নিশ্চিতে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য খনন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদফতর (জিএসবি)। খনির অবস্থান নিশ্চিত হতে এই কাজ চলবে আগামী চার মাস। সন্ধান মিললে এই জেলায় খনির সংখ্যা হবে ছয়টি।
গত এক সপ্তাহ ধরে খনন কার্যক্রম পরিচালনার জন্য পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে কাজ চলছে। ইতোমধ্যে প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে আনা হয়েছে। সংরক্ষিত এলাকা হিসেবে টানানো হয়েছে সাইনবোর্ড। চলতি মাসের শেষ সপ্তাহের দিকে কূপ খনন কাজ উদ্বোধন হতে পারে।
মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ভূগর্ভের অভ্যন্তরে সম্পদের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য কূপ খননের প্রস্তুতি শুরু করেছে দফতরের একটি অনুসন্ধানী দল। চার মাস কূপ খনন করে চালানো হবে খনিজ সম্পদের অনুসন্ধান। কুতুবপুর চেয়ারম্যানপাড়া গ্রামের আকতার, হবিবর রহমান হবি এবং কানছিয়া মন্ডলের জমিতে ড্রিলিং কার্যক্রম পরিচালনা চলছে। সেখানে অস্থায়ী ছাউনি, তার দিয়ে বেড়া ও আনুষঙ্গিক স্থাপনা তৈরি করা হয়েছে।
সংশ্লিষ্টদের ধারণা, এখানে লোহার কাঁচামাল আকরিক পাওয়ার সম্ভাবনা রয়েছে। লোহার কাঁচামাল আকরিকের পুরুত্ব অনেক বেশি। তাই লোহার সঙ্গে তামাসহ অন্যান্য মূল্যবান সম্পদ পাওয়ার আশাও করছেন তারা। চলতি মাসের শেষের দিকে কূপ খনন কাজ উদ্বোধন করবেন জিএসবির মহাপরিচালক।
তবে সম্ভাব্য খনি এলাকায় উপস্থিত ভূতাত্ত্বিক জরিপ অধিদফতর (জিএসবি) কোনও কর্মকর্তা বা কর্মচারী কূপ খনন সম্পর্কে কথা বলতে রাজি হননি।
খনন কার্যক্রম পরিচালনার দায়িত্বে নিয়োজিত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, মহাপরিচালক খনন কার্যক্রমের উদ্বোধন করবেন, তখন তিনি বিষয়টি জানাবেন। এর আগে এই খনন সম্পর্কে কোনও কিছু জানানো নিষেধ রয়েছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













