পানের বরজে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-২৩ ১৮:১৪:২৪


বরগুনার আমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মো. রুহুল আমিন খান (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। কৃষক রুহুল আমিন খান উপজেলার কুকুয়া ইউনিয়নের হরিমৃতুঞ্জয় গ্রামের মোসলেম আলী খানের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, আজ বুধবার (২৩ মার্চ) সকাল ৯টার দিকে কৃষক রুহুল আমিন পানের বরজে কাজ করতে যায়। পানের বরজে পানি দেওয়ার জন্য নেওয়া বৈদ্যুতিক মোটরের তারের ওপর অসাবধানতাবশত পানি পড়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ওই সময় পথচারীরা রুহুল আমিনকে পানের বরজের মধ্যে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে আমতলী থানা পুলিশ হাসপাতাল গিয়ে কৃষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আমতলী থানায় নেয়।

আমতলী থানার ওসি এ কে এম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, পরিবারের আবেদনের কারণে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সানবিডি/ এনজে