দিনাজপুরে হেলমেট না পরায় একদিনে ৬০৪ মামলা

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৩-২৪ ১৬:১৪:৪৫


দিনাজপুরে মোটরসাইকেল দুর্ঘটনা রোধকল্পে হেলমেট পরিধান নিশ্চিত করতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। জেলায় একযোগে ১৩ থানাসহ ১৪টি টিমের একদিনের অভিযানে ৬০৪টি হেলমেট সংক্রান্ত মামলা হয়েছে। এই মামলাগুলো থেকে ১৮ লক্ষ ১২ হাজার টাকা জরিমানা আদায়ের সম্ভাবনা রয়েছে।

বুধবার দিনাজপুরের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে দিনাজপুর জেলা পুলিশ দিনব্যাপী এই অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সচীন চাকমা জানান,মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট পরিধান শতভাগ নিশ্চিত করতে জেলায় বুধবার বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এখন থেকে চলমান অভিযানের পাশাপাশি সপ্তাহে যেকোনো একদিন বিশেষ অভিযান পরিচালনা করা হবে। হেলমেট না পরাসহ আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুয়ায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি জানান, বুধবার অভিযানে জেলার ১৩ থানায় হেলমেট সংক্রান্ত ৬০৪টি মামলা করা হয়েছে। প্রতিজনের ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। কেউ সঙ্গে সঙ্গে জরিমানা পরিশোধ করেছেন। যারা তাৎক্ষণিক জরিমানা দিতে পারেননি তাদেরকে মামলা দিয়ে সময় বেঁধে দেয়া হয়েছে। তারা সরাসরি চালানের মাধ্যমে ব্যাংকে টাকা জমা করবেন।

৬০৪টি মামলার মধ্যে হেলমেট না থাকার কারণে কোতয়ালী থানায় ৯৪টি, বিরল থানায় ৪৯টি, চিরিরবন্দর থানায় ৪৫টি, ফুলবাড়ী থানায় ৩১টি, খানসামা থানায় ৪১টি, কাহারোল খানায় ৫৩টি, বিরামপুর থানায় ৪৮টি, পার্বতীপুর থানায় ৪৮টি, বীরগঞ্জ থানায় ৪৬টি, বোচাগঞ্জ থানায় ৪৬টি, নবাবগঞ্জ থানায় ৩৩টি, ঘোড়াঘাট থানায় ৩১টি ও হাকিমপুর থানায় ৪২টি মামলা হয়েছে।

দিনাজপুরের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বলেন, হেলমেট না পরলে দুর্ঘটনায় মৃত্যুর সম্ভাবনা বেশি থাকে। দুর্ঘটনায় মৃত্যুতে পরিবার ধ্বংস হয়ে যায়। হেলমেট পরলে দুর্ঘটনায় মৃত্যুঝুঁকি কম থাকে। প্রাণে রক্ষা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই জনগণের স্বার্থেই পরিবারকে রক্ষা করার জন্যই এই অভিযান চালানো হচ্ছে।

সানবিডি/এনজে