জমি চাষের সময় ট্রাক্টর উল্টে নিহত ২

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৩-২৬ ১৬:৪৫:৫৯


মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় জমি চাষের সময় ট্রাক্টর উল্টে দুজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে হরিরামপুর উপজেলার চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের সোয়াখা গুচ্ছ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার এনায়েতপুর গ্রামের মানিকের ছেলে মো. রুস্তম (২১) ও ফরিদপুর জেলার চরভদ্রাশন উপজেলার সালেহপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. আশাফুল (২০)।

আজিমনগর ইউনিয়ন ৭নং ওয়ার্ড সদস্য আব্দুল মোন্নাফ বলেন, জমিতে চাষ করতে গিয়ে ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে নিহত হন দুজন।

আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন বলেন, আমার ইউনিয়নে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের সোয়াখা এলাকায় দুর্ঘটনায় দুজন নিহত।