সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি এবার প্রতিমন্ত্রীর দায়িত্বে
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০৪-১৯ ২১:৪৮:৩১
নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে অবশেষে নতুন একটি মন্ত্রিসভা গঠন করলো পাকিস্তান। আর সেখানে প্রতিমন্ত্রী হিসেবে জায়গা পেয়েছেন এক সময়ের আলোচিত মন্ত্রী হিনা রাব্বানি খার। জাতীয় পরিষদের সদস্য হিনা রাব্বানি খার দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডিএনডি ও অ্যাসোসিয়েট প্রেস অব পাকিস্তান। দেশটির ১২তম পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন ৪৪ বছর বয়সী এই নারী।
ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে বারবার গুরুত্ব দিয়ে আসছেন হিনা রব্বানি। পাকিস্তানের জিও টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে হিনা রব্বানি খার বলেছিলেন, পাকিস্তানের পক্ষে ‘যুদ্ধ করে কাশ্মীর জয় করা’ সম্ভব নয়। প্রতিবেশী ভারতের সঙ্গে পারস্পরিক আস্থার ভিত্তিতেই এই বিষয়ে অগ্রগতি অর্জন সম্ভব।
হিনা রব্বানির পাশাপাশি প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন পিএমএল-এন’র আইশা গাউস পাশা ও আবদুল রহমান খান কাঞ্জু। এ ছাড়া পিপিপির কামার জামান কায়রা, পিএমএল-এন এর আমির মুকাম এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ছেড়ে আসা জাহাঙ্গীর তারিন গ্রুপের আউন চৌধুরীকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে।
হিনা রব্বানি ২০১১ সালের ১৯ জুলাই থেকে ২০১৩ সালের ১৬ মার্চ পর্যন্ত পাকিস্তানের ২১তম এবং প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি থেকে ২০১১ সালের ২০ জুলাই পর্যন্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন ৪৪ বছর বয়সী এ রাজনীতিক। তখন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন পাকিস্তান পিপলস পার্টির সহ-সভাপতি আসিফ আলী জারদারি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














