ধর্ষকের পুরুষাঙ্গ অকেজো করার আইন হচ্ছে পেরুতে
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-২১ ১২:১১:১২
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি হিসেবে পুরুষাঙ্গে রাসায়নিক প্রয়োগের আইন পাস করতে যাচ্ছে লাতিন আমেরিকার দেশ পেরু। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
বুধবার (২০ এপ্রিল) এ কথা জানান দেশটির প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো। আইনটি পাসে কংগ্রেসের পূর্ণ সমর্থন চেয়েছেন তিনি।
এ সময় প্রেসিডেন্ট জানান, ধর্ষণ অভিযোগের প্রমাণ মিললে রাসায়নিকের মাধ্যমে তাকে অক্ষম করে দেয়া হবে। অবশ্য বিরোধী নিয়ন্ত্রণাধীন পার্লামেন্টে বিকল্প শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের প্রস্তাবও উঠতে পারে।
সম্প্রতি দেশটির চিকলায়ো শহরে ৩ বছরের একটি শিশু অপহরণের পর ধর্ষণের শিকার হয়। অস্ত্রোপচার শেষে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় বিক্ষোভে উত্তাল গোটা দেশ। ১৩ এপ্রিল সন্দেহভাজন ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করে পুলিশ। শিশুটিকে অপহরণের কথা স্বীকার করেছে ওই ব্যক্তি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














