কিউবার পাঁচ তারকা হোটেলে বিস্ফোরণ, ২২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-০৭ ১০:৩০:০৩
কিউবার একটি পাঁচতারকা হোটেলে বিস্ফোরণের ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ৬০ এর বেশি মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে, ওল্ড হাভানার সারাতোগা হোটেলের পাশে থাকা গ্যাস ট্যাংকার থেকে আগুনের সূত্রপাত। এর কারণে হোটেলের অন্তত বেশ কয়েকটি ফ্লোর ধ্বংস হয়ে গেছে। খবর বিবিসির।
ঐতিহাসিক হোটেলটি আগামী চারদিনের মধ্যে খোলার কথা ছিল। এর আগে করোনার কারণে এতদিন বন্ধ ছিল হোটেলটি।
আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযান চলমান। কিউবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ও এক শিশু রয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইয়াজিরা দে লা কারিদাদ, যিনি হোটেলটির একটি ব্লকে থাকতেন। তিনি সিবিএস নিউজকে বলেন, আমি বিস্ফোরণকে ভেবেছিলাম ভূমিকম্প। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের কারণে আকাশে কালো ধোঁয়া ও ধুলোর মেঘ উড়তে দেখেছেন।
হোটেলের একেবারে পাশেই রয়েছে একটি স্কুল। যদিও এটি ক্ষতিগ্রস্ত হয়নি। স্থানীয় কর্মকর্তারা জানান, স্কুলের শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হোটেলটির অবস্থান সরকারের পুরনো কংগ্রেস ভবনের বিপরীত দিকে।
প্রেসিডেন্ট বলেন, এটি বোমা হামলা নয়। এটি অপ্রত্যাশিত দুর্ঘটনা। ১৯ শতকে তৈরি এ সারাতোগা হোটেল বিদেশি পর্যটকদের কাছে বেশ পরিচিত।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














