অশনি’র প্রভাবে ঝড়-বৃষ্টির আশঙ্কা: আগাম ধান কাটছে কৃষক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৫-০৯ ১১:৪৮:০৫
ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে বিক্ষুদ্ধ বঙ্গোপসাগর। এই ঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে ঝড়-বৃষ্টির আশঙ্কায় আধপাকা ধান কেটে ফেলছেন কৃষকরা। রোববার পর্যন্ত জেলার ৭৫ শতাংশ ধান কাটা হয়ে গেছে। বাকি ধানও দ্রুত সময়ের মধ্যে কাটা হয়ে যাবে।
এ বিষয়ে স্থানীয় কৃষকরা জানান, এ বছর বোরো ফলন ভালো হওয়ায় কৃষকরা খুশি হন। হঠাৎ ঝড়ের পূর্বাভাসে তাদের কপালে ভাজ পড়েছে। বিগত সময় ঝড়ে কৃষকের বেশ ক্ষতি হয়। সেই ক্ষতির মুখে যাতে এবার পড়তে না হয় সেজন্য পূর্ব প্রস্তুতি হিসেবে ফসল ঘরে তুলছেন তারা।
জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ৫৩ হাজার ৩০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে রোববার পর্যন্ত ৭৫ ভাগ জমির ধান কাটা হয়েছে। বাকি জমির ধানও অল্প সময়ের মধ্যে কাটা হবে।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো. মোতাহার হোসেন বলেন, আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন মাধ্যমে কৃষকদের কাছে পৌঁছে দিয়েছি। যার কারণে ইতোমধ্যে ৭৫ ভাগ জমির ধান কাটা হয়ে গেছে। কৃষকরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে ধান ঘরে তোলার জন্য।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














