বীরগঞ্জে বাসের ধাক্কায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-১৯ ১৯:২০:২১


দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাসের চাকায় পৃষ্ট হয়ে রমজান আলী (৭৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি সাবেক ইউপি সদস্য (মেম্বার) ছিলেন।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কবিরাজ হাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রমজান আলী উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের চক পাইকপাড়া এলাকার মৃত নেহাল উদ্দীনের ছেলে। ১০ মাইল হাইওয়ে থানার ওসি এ এন এম মাসুদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রমজান আলী মোটসাইকেল নিয়ে কবিরাজ হাটে ওষুধ আনতে যান। ফেরার পথে ঠাকুগাঁওগামী একটি বাস (ঢাকা মেট্রো গ-১৫১৬৬৪) রমজান আলীকে ওভারটেক করার সময় পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ওই গাড়ীর পেছনের চাকায় পৃষ্ট হন। এতে রমজান আলী ঘটনায়স্থলই মারা যান।

হাইওয়ে থানার ওসি এ এন এম মাসুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করেছে। পরিবারের সম্মতিক্রমে আইনি পক্রিয়া শেষে তাদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

সানবিডি/এনজে