বিএনপি থেকে পদত্যাগ করলেন সাক্কু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৫-১৯ ১৯:৩০:৪৮


কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু দল থেকে পদত্যাগ করেছেন। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে তার মনোনয়ন বৈধ হওয়ার পর বিএনপি থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন সাবেক কুসিক মেয়র।

সাক্কু বলেন, অসম্পূর্ণ কাজগুলো শেষ করতে শেষবারের মতো মেয়র পদে নির্বাচন করবেন তিনি। ভবিষ্যতে আর নির্বাচন করবেন না।

২০১২ সালে প্রথম কুসিক নির্বাচনে বিএনপি থেকে পদত্যাগ করে নাগরিক সমাজের ব্যানারে একবার এবং ২০১৭ সালে বিএনপির মনোনয়নে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল হক সাক্কু।

এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ১৫৪ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এতে ৬ মেয়র প্রার্থী, ১১১ জন সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর এবং ৩৭ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

মেয়র পদে বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত, সদ্যবিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু (স্বতন্ত্র), বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের প্রয়াত নেতা অধ্যক্ষ আফজাল খানের ছেলে মাসুদ পারভেজ খান ইমরান (স্বতন্ত্র), নিজাম উদ্দিন কায়সার (স্বতন্ত্র), ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম, নাগরিক কমিটির কামরুল আহসান বাবুল (স্বতন্ত্র)। এর আগে সকালে তথ্যগত ভুলের কারণে মাসুদ পারভেজ খান ইমরানের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়। পরে সেটি পূরণ করা হলে বিকালে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এএ