নিয়োগ পরীক্ষা দিতে এসে সড়কে প্রাণ গেল ২ জনের

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৫-২০ ১৪:১৭:১৪


প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো চাঁদপুরের হাজীগঞ্জের দুই পরীক্ষার্থী ফাতেমা আলম (২৫) ও মো. আবদুল্লাহর (২৭)। শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ফাতেমা হাজীগঞ্জ উপজেলার মাহবুবুল আলমের মেয়ে এবং আব্দুল্লাহ একই উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের হোসেন পাটোয়ারীর ছেলে।

স্থানীয় বাসিন্দা গাজী মো. মহসীন বলেন, সিএনজি চালিত অটোরিকশা হাজীগঞ্জ থেকে চাঁদপুরের দিকে এবং বালুবাহী ট্রাকটি বিপরীত দিকে যাওয়ার সময় ঘটনাস্থলে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ফাতেমার মৃত্যু হয় এবং আব্দুল্লাহকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দু’জন চাঁদপুর শহরের আল-আমিন অ্যাকাডেমি স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষাকেন্দ্রে আসার জন্য রওয়ানা হন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই চালক পলাতক রয়েছেন। দুর্ঘটনায় কবলিত অটোরিকশা এবং ট্রাক উদ্ধার করে থানায় নিয়ে আসা হবে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’