গাজীপুরে ট্রেন-পিকআপ সংঘর্ষ, নিহত ৩

জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৫-২১ ১৪:৫৮:৪২


গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের সঙ্গে সংঘর্ষে পিকআপের ৩ যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ মে) সকাল সাড়ে দশটার দিকে আড়িখোলা রেল স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

জানা যায়, আড়িখোলা রেল স্টেশনের অদূরে কালীগঞ্জের নলছটা নামক ওই এলাকায় তালবোঝাই একটি পিকআপের সঙ্গে ঢাকাগামী এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় পিকআপটি দূরে ছিঁটকে পড়ে। পিকআপে থাকা তিনজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। দুর্ঘটনায় নিহতদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণেই তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

এদিকে দুর্ঘটনাকবলিত পিকআপ গাড়ি সরাতে গিয়ে একজন ওয়েম্যান গুরুতর আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।