নরসিংদীতে মা ও দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-২২ ১২:০৩:৩৭
নরসিংদীর বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের বাবলা গ্রামে নিজ বাড়ি থেকে মা, ছেলে ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন, রাহিমা বেগম (৩৬) এবং তার ১২ বছর বয়সী ছেলে রাব্বি শেখ ও সাত বছর বয়সী মেয়ে রাকিবা শেখ।
এ বিষয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন পলাশ জানান, রোববার সকালে পরিবারের অন্য সদস্যরা নিহতদের মরদেহ দেখতে পেয়ে পুলিশ খবর দেয়। রহিমার স্বামীর নাম গিয়াস উদ্দিন শেখ।
রহিমার প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গিয়াস উদ্দিন শেখ পেশায় একজন রং মিস্ত্রি। শনিবার রাতে তিনি গাজীপুরের একটি উচ্চ বিদ্যালয়ে কাজ করতে চলে যান। রাতে তার অনুপস্থিতে কে বা কারা ঘরে ঢুকে তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে।
ঘটনাস্থলে বেলাব থানা পুলিশ, ডিবি, সিআইডি, পিবিআই, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) উপস্থিত হয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহেব আলী পাঠান বলেন, মাটির ঘরের মেঝেতে পড়েছিল গৃহবধূ রহিমার মরদেহ। তার কপাল ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দক্ষিণ পাশের ঘরে খাটে দুই সন্তান রাব্বি ও রাকিবার মরদেহ পাওয়া গেছে। রাব্বিকে ধারালো অস্ত্রের আঘাতে ও রাকিবাকে শ্বাসরোধ করে হত্যা করে রাখা হয়েছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













