মোরেলগঞ্জে কার্গোর ধাক্কায় নৌকার মাঝি নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৫-২৩ ১৫:৩৯:৫৮


বাগেরহাটের পশুর নদীর ঘষিয়াখালী নামক স্থানে এমভি কাজী সোনিয়া-১ নামে কার্গোর ধাক্কায় এক মাঝি নিহত হয়েছেন। এ ঘটনায় কার্গোর মাস্টারসহ ১১ জনকে আটক করেছে ঘষিয়াখালী নৌ পুলিশ।

সোমবার (২৩ মে) সকাল ৯টায় এ ঘটনা ঘটে। তবে জব্দ করা হয়েছে কার্গোটি।

নিহত ব্যক্তি মোরেলগঞ্জ উপজেলার ঘষিয়াখালী গুচ্ছগ্রামের আলকাস হোসেনের ছেলে ফারুক হোসেন খলিফা (৫৫)।

জানা গেছে, ঘটনার সময় ফারুক খলিফা তার নৌকাটি (টাপুরে নৌকা) ঘাটে বেঁধে তার মধ্যে অবস্থান করছিলেন। ওই সময় মোংলা থেকে চট্টগ্রাম গামী কার্গো ‘কাজী সোনিয়া-১’ নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাটির ওপর আঘাত করে। আঘাতে মাঝি ফারুক খলিফার মাথার খুলি ও ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে নিকটস্থ সন্ন্যাসী নৌ ফাঁড়ি ও মোরেলগঞ্জ থানা পুলিশের পৃথক দল ঘটনাস্থলে পৌঁছে কার্গো ও এর নাবিকদের নিরাপদে সরিয়ে নেয়।

জাহাজের পাইলট বেলায়েত হোসেন বলেন, ‘জাহাজটি নিয়ন্ত্রণ হারানোর সঙ্গে সঙ্গেই আমরা সকলকে সতর্ক করি এবং ঘাট এলাকা থেকে সরে যাবার জন্য জাহাজের মাইকে প্রচার করি। কিন্তু ওই মাঝি হয়তো এ ঘোষণা শুনতে পায়নি’।

এ বিষয়ে সন্ন্যাসী নৌ পুলিশের পরিদর্শক মো. শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। নাবিকসহ কার্গোটি আটক করে নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে। এবং নিহত ফারুক খলিফার মরদেহ উদ্ধার করে পোষ্টমর্টেম এর জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।