রাঙামাটিতে ১০ লাখ টাকার জাল নোটসহ দুজন আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-২৩ ২০:৫২:৩৮


রাঙামাটিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) লেকভিউ নামে একটি আবাসিক হোটেল থেকে ১০ লাখ টাকার জাল নোটসহ দুই জনকে আটক করেছে । রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করার পর সোমবার বিকালে ডিবি পুলিশ এ তথ্য জানায়।

আটক ব্যক্তিরা হলেন– মিলন রহমান (২৮) ও শাহ আলম (৫৫)। মিলনের বাড়ি রাজশাহী জেলার বাঘমারা থানায়, শাহ আলমের বাড়ি নরসিংদী।

অভিযানের সময় আমির হোসেন ও ফখরুল হাসান নামে আরও দুই জন পালিয়ে যায়। এ সময়ে তাদের কাছ থেকে ১০টি এক হাজার টাকার জাল নোটের বান্ডিল জব্দ করা হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল নোটসহ দুজনকে আটক করি। এ সময় আমাদের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা আরও দুই জন পালিয়ে যায়।’

আসামিদের আটকের পর ডিবির এসআই নুরে আলম বাদী হয়ে রাঙামাটি কোতয়ালি থানায় মামলা দায়ের করেছেন।

সানবিডি/এনজে