“পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ,মানসম্মত শিক্ষা, উন্নত দেশ”

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৫-২৪ ২৩:০৯:৩১


লোহাগাড়া উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। উন্নত দেশ গঠন করতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। সেই জন্য প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠানের পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ। একটি শিক্ষিত জনগোষ্ঠিই আগামীর মডেল বাংলাদেশ তৈরি করতে বড় ভূমিকা রাখতে পারবে।

আজ লোহাগাড়া উপজেলার উপজেলার প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকদের সাথে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ এসব কথা বলেন।

এসময়ে তিনি উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করেন ও তাঁদেরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং শিক্ষকদের সর্বোচ্চ আন্তরিকতা ও সহযোগিতা কামনা করেন।

শরীফ উল্যাহ বলেন,আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ অতীব জরুরি। এতে শিক্ষার্থীরা রুচিশীল হবে, পড়াশোনায় অধিক মনোযোগী হবে, উন্নত মানসিকতা লালন করবে, সুশিক্ষিত হবে। আমাদের শিক্ষকরাও সুন্দর ও উন্নত পরিবেশ নিশ্চিতে মনোনিবেশ করবে। যা উন্নত জাতি গঠনে অনেক বড় ভূমিকা রাখবে। সেই চিন্তা থেকেই আমি নিজে একটি স্লোগান ঠিক করেছি এবং লোহাগাড়া উপজেলায় এটি বাস্তবে রূপ দেওয়ার পরিকল্পনা ও কার্যক্রম ইতোমধ্যে শুরু।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, লোহাগাড়া উপজেলায় দায়িত্ব গ্রহণের পর ইতোমধ্যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছি। এসময় আমার মনে হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন, সুন্দর ও প্রত্যাশিত শিক্ষার পরিবেশ তৈরিতে শিক্ষক-শিক্ষার্থী ও অন্যান্য কর্মচারীগণ যথেষ্ট সচেতন নন। অথচ একথা সর্বজন স্বীকৃত যে, একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সামগ্রিক পরিবেশ, শিক্ষা কার্যক্রম, শিক্ষকদের দক্ষতা-প্রয়াস ইত্যাদি একজন শিক্ষার্থীর শিক্ষার প্রতি আগ্রহ, চিন্তা-চেতনা, নৈতিকতা, মেধা, বুদ্ধি ও মানসিক বিকাশ প্রভৃতি বিষয়গুলোকে ব্যাপকভাবে প্রভাবিত করে থাকে। সুন্দর ও উন্নত পরিবেশেই সুন্দর ও উন্নত মানুষ গড়ে উঠবে এটাই স্বাভাবিক!

আপনারা জানেন, আগামী ২০৩০ সালের মধ্যে আমাদেরকে এসডিজি অর্জন করতে হবে এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এসডিজির ৪ নম্বর লক্ষ্যমাত্রা হচ্ছে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পরিষ্কার-পরিচ্ছন্ন শিক্ষার পরিবেশ নিশ্চিত করা ব্যতীত এ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। তাই, লোহাগাড়া উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্ট সকলকে সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সবসময় সচেতন থাকার জন্য অনুরোধ করা হলো।

আসুন, সবাই মিলে উন্নত দেশ গড়ি।