ইট বোঝাই ট্রলির ধাক্কায় নিহত ৩
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৫-২৫ ১৯:৪২:০৮
বাগেরহাটে ইট বোঝাই ট্রলির ধাক্কায় যাত্রীবাহী ভ্যান রাস্তার পাশে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। বুধবার (২৫ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের বাবুল ফকিরের স্ত্রী রেশমী বেগম (৫০), কচুয়া উপজেলার শোলারকোলা গ্রামের সুলতান খানের ছেলে সালাম খান(৪২) এবং কচুয়া উপজেলার আঠাড়গাতি গ্রামের আশ্বাপ উদ্দিনের ছেলে আজগর মীর (৫০)।
কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুর রহমান বলেন, দ্রুতগামী ট্রলির ধাক্কায় একটি যাত্রীবাহী ভ্যান রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রেশমী বেগম নামে এক নারীর মৃত্যু হয়। এতে আহত হন সালাম খান ও ভ্যানচালক আজগর মীর।
তিনি আরও বলেন, গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়ার পথে আজগর মারা যান। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে সালাম খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













