পাহাড়ের সন্ত্রাসীদের খুঁজে শাস্তির ব্যবস্থা করা হবে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-২৬ ২০:১৪:৫৫
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ বলেছেন পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, আমি সন্ত্রাসীদের সব সময় বলি জনগণ ও রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার সাহস দেখায়, তারা আহম্মক। রাষ্ট্র ও জনগণের কাছে এই সব অপশক্তি তুচ্ছ। সবার সহযোগিতা নিয়ে এইসব লোকদের খুঁজে বের করবো এবং শাস্তির ব্যবস্থা করা হবে।
আজ বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে রাঙামাটি নিউ পুলিশ লাইন্সে তিন পার্বত্য জেলায় তিনটি করে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টার্স ক্যাম্প এবং রাঙামাটিতে এপিবিএনের ডিআইজি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় পুলিশের মহাপরিদর্শক আরও বলেন, গত পাঁচ বছরে পাহাড়ের ১৩৫ জন মানুষ খুন হয়েছেন। যা গড়ে প্রতি দুই মাসে পাঁচ জন। কিন্তু পাহাড়ের তিন জেলায় মাত্র ১৬ লাখ মানুষের বসবাস। আর পুরো দেশে ১৮ কোটি মানুষের বসবাস। সরকার যদি দেশের একটি বড় অংশে চাঁদাবাজি সন্ত্রাসী বন্ধ করতে পারে, তাহলে এই পার্বত্য এলাকাতেও সম্ভব।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও উপস্থিত ছিলেন। জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর, সংসদ সদস্য দীপংকর তালুকদার, কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা ও সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন প্রমুখ।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













