মেহেরপুরে হিমসাগর আম পাড়া শুরু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৫-২৮ ১১:৪১:৩৮


মেহেরপুরে হিমসাগর আম পাড়া শুরু হয়েছে। আমচাষি ও ব্যবসায়ীরা জানান, লোকসানের ঝুঁকি মাথায় নিয়ে এ বছর জেলায় আম ভাঙা শুরু হয়েছে। চলতি বছর আবহাওয়া অনুকূলে না থাকায় আমের ফলন কম হয়েছে। মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় দুই হাজার ৩৫০ হেক্টর জমিতে ল্যাংড়া, হিমসাগর, আম্রপালি, বোম্বায় বিশ্বনাথ, ফজলি মল্লিকা ও বারি-৪ জাতের আমের বাগান আছে। হেক্টরপ্রতি ফলন ধরা হয়েছে ১২ দশমিক ৫০ টন। উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৯ হাজার টন।

আম ব্যবসায়ী উজ্জ্বল হোসেন জানান, এ বছর আমের মুকুল কম এসেছে। বাগানে আমে গুটি হওয়ার সময় অতিবৃষ্টির মুখে পড়ে। ফলে বাগানের অধিকাংশ গুটিই ঝরে যায়। পরে শুরু হয় তীব্র দাবদাহ। তাই আমের সাইজ খুব ছোট হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সামছুল আলম জানান, বৃহস্পতিবার হিমসাগর আম ভাঙা শুরু হলেও বেশ কয়েক দিন আগে থেকেই জেলায় গুটি জাতের আম সংগ্রহ করে বাজারজাত শুরু হয়েছে। জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান বলেন, কেমিক্যাল দিয়ে কেউ যেন আম পাকিয়ে বিক্রি করতে না পারেন সেজন্য আম পাড়ার সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। বাজার মনিটরিংয়ের জন্য ভ্রাম্যমাণ টিম বাজারে সর্বদা তদারকি করবে।