খুলনা-কলকাতা রুটে ট্রেন চালু হচ্ছে আগামীকাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-২৮ ১৭:১৩:০১


মহামারি করোনাভাইরাসের প্রকোপের কারণে টানা দুই বছরেরও বেশি বন্ধ থাকার পর আগামীকাল রোববার থেকে খুলনা-কলকাতা রুটে ফের ট্রেন চলাচল শুরু হচ্ছে। এছাড়া জুনের প্রথম দিকে এই রুটে আবার শুরু হবে যাত্রীবাহী বাস চলাচল।

এ বিষয়ে  খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, করোনার প্রকোপ শুরু হওয়ার পর ২০২০ সালের ১৫ মার্চ খুলনা-কলকাতা রুটে ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রোববার থেকে আবার ট্রেন চলাচল শুরু হচ্ছে। রোববার সকাল ৭টা ১০ মিনিটে কলকাতা থেকে ট্রেনটি ছেড়ে আসবে এবং খুলনায় পৌঁছানোর কথা দুপুর সাড়ে ১২টায়। এরপর দুপুর দেড়টায় ট্রেনটি খুলনা স্টেশন ছেড়ে যাবে এবং কলকাতায় পৌঁছানোর কথা বিকেল ৬টা ১০ মিনিটে।

তিনি জানান, প্রতি সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার এই রুটে আগের মতো ট্রেন চলাচল করবে। ট্রেনটিতে যাত্রীবাহী বগি থাকবে আটটি এবং পাওয়ার কার থাকবে দুইটি। টিকিটের মূল্য; এসি চেয়ার এক হাজার ৫৩৫ টাকা এবং এসি কেবিন দুই হাজার ৫৫ টাকা। অনলাইনে পাওয়া যাবে না এই ট্রেনের টিকিট। কাউন্টার থেকে নিতে হবে।

খুলনা রেলওয়ের কর্মকর্তারা জানান, ২০১৭ সালের ১৬ নভেম্বর এই রুটে ট্রেন চলাচল শুরু হয়েছিল। এই রুটের দূরত্ব ১৭৫ কিলোমিটার। ট্রেনটির আটটি বগিতে আসন রয়েছে ৪৫৬টি। এর মধ্যে এসি কেবিন ১৪৪টি এবং এসি চেয়ার ৩১২টি।

এদিকে খুলনা-কলকাতা রুটে করোনার কারণে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে প্রায় দুই বছর দুই মাস। শিগগিরই আবার এই রুটে বাস চলাচল শুরু হচ্ছে।

সানবিডি/এনজে