কলকাতা থেকে ১৯ যাত্রী নিয়ে এলো বন্ধন এক্সপ্রেস
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-২৯ ১৫:২৬:৪০
মহামারি করোনার প্রকোপের কারণে দু’বছর ধরে বন্ধ ছিল খুলনা-কলকাতা ‘বন্ধন এক্সপ্রেস’। তবে পরিস্থিতি স্বাভাবিক হতেই ভারত ও বাংলাদেশের মধ্যে এই রেল পরিষেবা ফের চালু হল। আজ রবিবার সকালে কলকাতা স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনটি সকাল ১০টার সময় বেনাপোলে স্টেশনে এসে পৌঁছায়।
ভারত ও বাংলাদেশকে যেন একসূত্রে বেঁধে রেখেছে এই ‘বন্ধন এক্সপ্রেস’।
এই ট্রেন দু’দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও জোরদার করেছে। তবে করোনা মহামারির কারণে সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় ২০২০ সালের ১৫ মার্চ থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী এই ট্রেনের পরিষেবা বন্ধ হয়ে যায়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রবিবার সকালে কলকাতা স্টেশন থেকে ছেড়ে আসার পর দুপুরেই বাংলাদেশের খুলনায় পৌঁছে যাবে ট্রেনটি। দুপুর দেড়টায় ফের খুলনা স্টেশন থেকে ‘বন্ধন এক্সপ্রেস’ কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করবে।
‘বন্ধন এক্সপ্রেস’ প্রতি রবিবার ও বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে কলকাতা স্টেশন থেকে খুলনার উদ্দেশে ছাড়বে। আর একই দিন খুলনা থেকে কলকাতার উদ্দেশে ছাড়বে বেলা ৩টায়। সন্ধ্যায় কলকাতা স্টেশনে পৌঁছাবে।
শীতাতপ নিয়ন্ত্রিত এ ট্রেনে চেয়ার কোচের ভাড়া ১ হাজার ও কেবিনের সিট ভাড়া ১ হাজার ৫০০ টাকা। এছাড়া ভ্রমণ কর রয়েছে আরও ৫০০ টাকার। ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় এসি চেয়ারে ৩৫ টাকা ও এসি কেবিনের সিটে ৫৭ টাকা ভাড়া বেড়েছে বলে বেনাপোল রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছন।
বেনাপোল রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুজ্জামান সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন পর ট্রেনটি চালু হলো। তবে ট্রেনটি চালুর ব্যাপারে তেমন প্রচার ছিল না। তাই আজ যাত্রী কম। মাত্র ১৯ জন যাত্রী নিয়ে ট্রেনটি ছাড়া হয়েছে। সামনের দিনগুলোতে যাত্রীর সংখ্যা বাড়বে বলে আমরা আশা করছি। আজ সকালে কলকাতা থেকে যাত্রা করে ‘বন্ধন এক্সপ্রেস’ বেনাপোল হয়ে দুপুরে খুলনা পৌঁছবে। দুপুরে খুলনা থেকে যাত্রা করে সন্ধ্যায় আবার কলকাতা পৌঁছবে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













