বগুড়ায় আ.লীগ ও বিএনপি সংঘর্ষ, আহত ১০

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৫-২৯ ১৯:২৯:৫৪


বগুড়ার গাবতলী উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন।

রোববার (২৯ মে) দুপুরে উপজেলার মডেল থানার সামনে এ ঘটনা ঘটে।

সংর্ঘষে গুরুতর আহতরা হলেন, স্বেচ্ছাসেবক লীগের সুমন, মৎস্যজীবী লীগের লেমন, শ্রমিক লীগের মানিক সরকার, সাইফুল ইসলাম, যুবলীগের মনির ইসলাম, যুবদল নেতা হারুনার রশিদ, ছাত্রদল নেতা জাকিরুল ইসলাম, সোহাগ, জুয়েল আহম্মেদ। তাদেরকে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে বিএনপি নেত্রী সুরাইয়া জেরিন রনি দেওয়া বক্তব্যের ঘটনায় আজ রোববার দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল বের করে। এ সময় মিছিলটি নিয়ে তারা উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টনের বাড়ির সামনে গেলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর আরও কয়েক দফা উপজেলা বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের সময় উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ বলেন, ঘটনাস্থলে থানা পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণেই আছে। এই ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।