মাহিন্দ্রা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৫-২৯ ২০:৪৫:৩৯
মানিকগঞ্জে মালবোঝাই মাহিন্দ্রা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ শ্রমিক নিহত হয়েছেন। রোববার (২৯ মে) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার হাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাটিপাড়া বেড়িবাঁধ এলাকায় পাকা সড়ক সংস্কার কাজ চলছে। সড়কের কাজের জন্য ওই মাহিন্দ্রায় করে সিমেন্টের খুঁটিসহ বিভিন্ন মালামাল নিয়ে যাচ্ছিলেন চার শ্রমিক। দ্রুতগতির মাহিন্দ্রাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তবে রনি মোল্লা নামে স্থানীয় এক যুবক জানান, ওই শ্রমিকদের বাড়ি টাঙ্গাইল জেলায়।
ঘটনাস্থলে যাওয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, নিহতদের সুরতলহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













