কচুয়ায় বজ্রপাতে কৃষকের প্রাণহানী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-৩০ ১৪:২১:২৯
কচুয়ায় বজ্রপাতের ঘটনায় মিল্লাদ হোসেন (৩১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের জগতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের বেপারী বাড়ির মোস্তফা কামালের ছেলে মিল্লাদ হোসেন সকাল ১০টায় বাড়ির পাশে জমিতে ধানের চারা রোপণ করতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি মাটিতে লুটে পড়েন।
স্থানীয়রা দেখতে পেয়ে সংজ্ঞাহীন অবস্থায় মিল্লাদ হোসেনকে পার্শ্ববর্তী শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মিল্লাদ হোসেনের বাবা মোস্তফা কামাল জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্য দিয়ে মিল্লাদ বাড়ির পাশের জমিতে ধানের চারা রোপণ করতে যায়। কিছুক্ষণ পরে আমি জমিতে গিয়ে দেখি মিল্লাদ মাটিতে পড়ে আছে। আমার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে মিল্লাদকে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তার ১ ছেলে ১ মেয়ে রয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













