১০০ গ্রাম হেরোইন রাখায় মাদক ব্যবসায়ীর আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৫-৩০ ১৪:৫১:৫০


গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১০০ গ্রাম হেরোইন রাখার দায়ে ঠান্ডা মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুর দুপুর ১২টার দিকে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এই রায় ঘোষণা করেন। এ সময় আসামি ঠান্ডা মিয়া আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত ঠান্ডা মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের আরজি শাহাপুর গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফারুক আহম্মেদ প্রিন্স বিষয়টি নিশ্চিত করে জানান, ঠান্ডা মিয়া একজন পেশাদার মাদক বিক্রেতা। পুলিশ তাকে হেরোইনসহ হাতেনাতে আটক করে। আদালতে এই মামলা চলাকালে দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামি ঠান্ডা মিয়াকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই রায় দেশ থেকে মাদক নির্মূলে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান তিনি।

এই মামলার এজাহারের বরাত দিয়ে ফাররু আহম্মেদ প্রিন্স জানান, ২০১৯ সালের ১৪ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে ঠান্ডা মিয়ার বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় ঠান্ডা মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন তারা। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে পলিথিনের প্যাকেটে মোড়ানো ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এই ঘটনায় গোবিন্দগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদী হয়ে ঠান্ডা মিয়ার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে চার্জশিটেও তাকে একমাত্র অভিযুক্ত দেখানো হয়।

সানবিডি/এনজে