বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৫-৩০ ১৫:৫০:১৮


রাঙ্গামাটির জীবতলী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে তাপসি চাকমা (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার (৩০ মে) ভোর সাড়ে ৪টার দিকে রাঙ্গামাটি সদর উপজেলার ১নং জীবতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নিজ বাড়িতে বন্যহাতির আক্রমণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

জীবতলী ইউনিয়ন পরিষদ সদস্য ধন চাকমা জানান, তাপসি চাকমার স্বামী গোপাল চন্দ্র চাকমা জানিয়েছেন, রাতে ওই বৃদ্ধা প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে হাতির আক্রমণের শিকার হন। এ সময় তিনি আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান।

স্থানীয়রা জানান, জীবতলী ইউনিয়নের পাহাড়ি গ্রামের আশপাশে দীর্ঘদিন ধরে একটি বন্য হাতির পাল বিচরণ করছে। প্রায় প্রতিদিনই এই হাতির পাল লোকালয়ে ডুকে ঘর বাড়ি ও ফসল বিনষ্ট করছে।