যাত্রীবাহী বাসে ডাকাতি, মালামাল লুট

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৫-৩০ ১৭:৩৭:৩২


ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়াগামী স্টার লাইন পরিবহনের বাসে যাত্রীবেশে ডাকাতি করা হয়েছে। এ সময় অস্ত্রধারী ডাকাতদল যাত্রীদের মারধর করে মালামাল, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

রোববার (২৯ মে) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধুসর বটতলায় ডাকাতি করা হয়। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক বলেন, যাত্রীর ছদ্মবেশে থাকা সাতজনের ডাকাত দল ঢাকা থেকে ছেড়ে আসা স্টার লাইন পরিবহনে ওঠে। বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের ধুসর বটতলায় পৌঁছালে সেটি থামিয়ে ক্ষুর, চাকুসহ দেশীয় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে বাসের চালক ও যাত্রীদের জিম্মি করে মালামাল, নগদ টাকা, মোবাইল নিয়ে তারা পালিয়ে যায়। পরে রাস্তায় হট্টগোল শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনা সম্পর্কে জানতে পারে।

তিনি বলেন, এ সময় বাসে থাকা সকল যাত্রীর মোবাইল নম্বর ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়। বাসে ২১ জন টিকিটধারী যাত্রী ছিল। তাদের মধ্যে ৬ জন যাত্রী ফরিদপুরে নেমে যায়। পরে ১৫ জন যাত্রী নিয়ে বাসটি ফরিদপুর থেকে ছেড়ে আসার পর বাসে ডাকাতি হয়।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের মোবাইল নম্বরে কল করলে নম্বরগুলো বন্ধ পাওয়া গেছে। ডাকাতির সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বাস চালক মোহাম্মাদ আলী বলেন, ‘ভাঙ্গায় যাত্রী নামিয়ে বাস চালাতেই পিছন থেকে ডাকাতরা এসে আমার গলা চেপে ধরে উঁচু করে ফেলে। আমাকে ইঞ্জিন কভারে টেনে তুলে তারা বাস নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর আমার কাছে থাকা মোবাইল ফোন কেড়ে নিয়ে আমাকে বাসের পিছনের সিটে বসিয়ে রাখে।’

মহিলা বাসযাত্রী সুবর্ণ দেবনাথ বলেন, ‘আমি ঘুমিয়ে ছিলাম। ডাকাতরা এসে বলে, কাছে যা যা আছে দিয়ে দে। আমার গলার থাকা স্বর্ণের চেন, কানের দুল ছিনিয়ে নেয়ার জন্য জবরদস্তি করে। পরে আমি খুলে দিতে বাধ্য হই। আমার কাছে থাকা নগদ ৭ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।’