২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে আ.লীগ: শেখ সেলিম

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৫-৩০ ১৮:৪০:১৮


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, নির্বাচনে না আসলে বিএনপির অবস্থা ন্যাপের মতো হবে, আর আওয়ামী লীগ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। সংবিধান মেনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, নির্বাচন ছাড়া এদেশে কেউ আর কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না। আর কোনোদিন এ দেশে ৭৫ হবে না।

সোমবার (৩০ মে) বিকেলে চট্টগ্রাম মহানগরীর দ্য কিং অব চিটাগং কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

শেখ সেলিম বলেন, জিয়াউর রহমান বেঁচে থাকলে তার ফাঁসি হতো। মৃত মানুষকে আসামি করা যায় না, এটা দেশের আইনে আছে। তিনি বেঁচে গেছেন। ১৯৭৫ সালে মোস্তাক-জিয়া একটি নির্বাচিত সরকারকে ষড়যন্ত্র করে উৎখাত করে। তিনি বঙ্গবন্ধুকে খুন করে তার হত্যার বিচার না হওয়ার জন্য ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন। ২২ হাজার ৫০০ যুদ্ধাপরাধী জেলে ছিলো তাদের ছেড়ে দিয়েছেন। তারা ও তাদের দল বিএনপি এখন বলে গণতন্ত্র, আইনের শাসনের কথা। তাদের মুখে এসব মানায় না।

তিনি আরো বলেন, খালেদা জিয়া বলেছিলেন জোড়া তালি দিয়ে পদ্মা সেতু হবে। আর পদ্মা সেতুতে নাকি দুর্নীতি হয়েছে। অথচ তখনো টাকা আসেনি। ড. ইউনুস যুক্তরাষ্ট্রে হিলারির কাছে গিয়ে বলেছেন পদ্মা সেতুতে নাকি দুর্নীতি হয়েছে। বঙ্গবন্ধু কন্যা মচকাবে কিন্তু ভেঙে যাবে না। আজকে তারা বলে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা হবে। বাংলাদেশ কখনোই শ্রীলঙ্কা হবে না।