আর্জেন্টিনার খেলা দেখে বাড়ি ফেরার সময় সড়কে ২ বন্ধুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-০২ ১২:৩০:৫৭
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরো এক মোটসাইকেল আরোহী। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ছোট যমুনা ব্রিজ সংলগ্ন মন্ত্রী মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের ওয়েজ উদ্দিনের ছেলে নাহিদ হাসান সবুজ (২৪) এবং একই গ্রামের বুলবুল আহম্মেদের ছেলে তানজিন আহম্মেদ।
অন্যদিকে আহত ব্যক্তি হলেন, ফুলবাড়ী পৌর শহরের ২নং ওয়ার্ডের উত্তর সুজাপুর এলাকার ওহেদুল ইসলামের ছেলে পলাশ (২০)।
এ ব্যাপারে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে সবুজের বাড়িতে আর্জেন্টিনার খেলা দেখতে যায় তানজিন ও পলাশ। খেলা দেখা শেষে তিন বন্ধু মোটসাইকেলযোগে ফুলবাড়ীর শহরে বিভিন্ন স্থানে রাতের খাবারের জন্য হাঁসের মাংস খুঁজতে থাকেন। ছোট যমুনা ব্রিজ সংলগ্ন মন্ত্রী মার্কেটের সামনে পৌঁছালে ঢাকাগামী জান্নাত-জোনায়েত নামের পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নাহিদ হাসান সবুজ ও তাজিন আহম্মেদের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং গুরুত্বর আহত হয় পলাশ। আহত পলাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে, আহত ব্যক্তিকে হাসাপাতালে পাঠায়। এ ঘটনায় ট্রাকসহ ট্রাকের চালক জানে আলম (৫১) ও হেলপার সবুজকে (৩২) আটক করা হয়েছে। তাদের বাড়ি ঢাকার সাভারে। চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













