প্রেমিকের সাথে অনৈতিক কর্মকাণ্ড মায়ের, দেখে ফেলায় মেয়েকে হত্যা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-০৪ ১৭:৩৭:৪৭
বরিশালে পরকীয়া প্রেমিকের সাথে অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায়, নিজ মেয়েকে হত্যার অভিযোগে লিপি বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৪ জুন) দুপুরে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। লিপি বেগম মেয়েকে হত্যার অভিযোগ প্রাথমিকভাবে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
বিএমপি পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) জাকির হোসেন জানান, শায়েস্তাবাদ গ্রামের কবির খানের সাথে একই এলাকার সোহরাব হাওলাদারের স্ত্রী লিপি বেগমের পরকীয়া প্রেম চলছে এক বছর ধরে। গেল ২৭ মে নিজ ঘরে কবির খানের সাথে মা লিপি বেগমকে আপত্তিকর অবস্থায় দেখতে পায় তার ১৩ বছর বয়সী মেয়ে তন্নী। বিষয়টি সে তার বাবাকে জানাবে বললে, লিপি ও কবির দু’জনে মিলে তন্নীকে শ্বাসরোধে হত্যা করে। পরে গলায় গামছা পেঁচিয়ে ঘরের আড়ার সাথে তন্নীর মরদেহ ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করে।
এ ঘটনায় ওই দিনই কাউনিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। পরে পুলিশ তদন্ত করতে গিয়ে তন্নীকে হত্যার বিষয়টি বুঝতে পারে। পুলিশ আজ লিপি বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হত্যার কথা স্বীকার করেন তিনি। এ ঘটনায় স্বামী সোহরাব হোসেনের দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পরকীয়া প্রেমিক কবির খানকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













