নরসিংদীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৪

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-০৪ ১৮:৫৬:৫২


নরসিংদীর রায়পুরায় ট্রেন ও পিকআপের সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় আহত দুজন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাসনাবাদ রেলক্রসিংয়ে জয়ন্তিকা এক্সপ্রেস ও যাত্রীবাহী পিকআপের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনা পূর্বধলার কালিহর মাইজপাড়া গ্রামের চান মিয়ার ছেলে সুজাত মিয়া (২৫), আব্দুর রশিদ মিয়ার ছেলে শাহিন (২৭), ইব্রাহিম খানের ছেলে আনিস খান (২৬) ও কালা মিয়ার ছেলে আনোয়ারুল (২৬)।

আহত দুজন হলেন- পূর্বধলার কালিহর মাইজপাড়া গ্রামের শাজাহান ও গোপালগঞ্জ জেলার পিকআপচালক সজিব।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে হাসনাবাদ বাজার রেলক্রসিং পার হওয়ার সময় জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় পিকআপে থাকা ৪ জন নিহত এবং আরও ২ জন আহত হন। পিকআপের আরোহীরা রায়পুরা উপজেলার রাধাগঞ্জ বাজারে মোবাইল ফোন কোম্পানির টাওয়ারের কাজ শেষে ফিরছিলেন।

নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (এসআই) ইমায়েদুল জাহেদী বলেন, লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।