১১ ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সীতাকুণ্ডের কনটেইনার ডিপোর আগুন
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৬-০৫ ০৯:৪০:০৪
ফায়ার সার্ভিস দল সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে বার বার ভয়াবহ বিস্ফোরণের কারণে আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন। আগুন কিছুটা নিভে আসার পর পুনরায় কনটেইনার ডিপোর ভেতরে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ কারণে রাত ৯টা থেকে এখনও আগুন নেভাতে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস।
রাত থেকে একটানা কাজ করতে গিয়ে পানির সংকটেও ভুগতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। এই অবস্থায় চট্টগ্রামের আশপাশের জেলা থেকেও ফায়ার সার্ভিসের গাড়ি আনা হয়। আগুন নেভাতে গিয়ে রাত ১১টার দিকে বিস্ফোরণে সমগ্র এলাকা কেঁপে ওঠে। এ সময় ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশও আহত হয়। তাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রাতেই ভর্তি করা হয়।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপপরিচালক ফায়ার আনিসুর রহমান সাংবাদিকদের জানান, আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। বার বার বিস্ফোরণের কারণে আগুন নেভাতে সমস্যা হচ্ছে। আগুন ছড়িয়ে পড়ছে। তবে আমাদের কর্মীরা কাজ করে যাচ্ছে। পানির পাশাপাশি কেমিক্যালের আগুন নিয়ন্ত্রণের জন্য যা করা দরকার তাও করা হচ্ছে।
এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৯ ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
ভয়াবহ এই বিস্ফোরণে এখন পর্যন্ত ১৮ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ফায়ার সার্ভিসের ৩ কর্মীও রয়েছেন বলে জানা গেছে। এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও ৪ শতাধিক মানুষ। হতাহত ব্যক্তিদের মধ্যে ডিপোর শ্রমিকদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













