পায়রা নদীতে পণ্যবাহী ট্রলারডুবি, নিখোঁজ ২
জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৬-০৫ ১৬:৫৪:৩৩
বরগুনার পায়রা নদীতে পণ্যবাহী ট্রলার ডুবে ২ শ্রমিক নিখোঁজ রয়েছেন। রোববার (৫ জুন) দুপুরে ফায়ার সার্ভিসের তালতলীর ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (৪ জুন) দিনগত রাত ১টার দিকে নদীর চাড়াভাঙা এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে।
নিখোঁজ শ্রমিকরা হলেন, বরগুনা সদর উপজেলার লাকুরতলা গ্রামের কমল সমাদ্দার(৪৫), লবনগোলা গ্রামের আবদুল খালেক(৭০)। নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ট্রলারে থাকা শ্রমিক আব্দুর রব মৃধা জানান, গত রোববার রাত ৮টার দিকে বরগুনা বাজারের রিপন মহাজনের ঘর থেকে বিভিন্ন পণ্য নিয়ে পাঁচ শ্রমিকসহ এক ব্যবসায়ী ট্রলারটি তালতলীর দিকে যাত্রা শুরু করে। পরে রাত ১টার দিকে ট্রলারটি পায়রা নদীর চাড়াভাঙা এলাকায় পৌঁছালে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় নদী উত্তাল থাকায় ট্রলারটিতে পানি প্রবেশ করে। পানি ঢোকা বন্ধ করতে না পারায় ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ৫ জন সাতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন দুই শ্রমিক।
ফায়ার সার্ভিসের তালতলীর ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, এখনো নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













