‘অগ্নিকাণ্ডে দায়ীদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে’

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-০৬ ১৬:৫৩:৩৩


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনারের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ী ব্যক্তিদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।

সোমবার (৬ জুন) বেলা ৩টার দিকে অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো অপরাধই দায়মুক্ত নয়। অপরাধীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আগুনের ঘটনার তদন্তে দোষীরা চিহ্নিত হবে।

মন্ত্রী বলেন, যারা এ ঘটনার সঙ্গে জড়িত, যাদের অবহেলায় এ ঘটনা ঘটেছে কিংবা এতে কারও বিন্দুমাত্র দায় থাকলে তাকে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।

তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত অফিসিয়ালভাবে ৪১ জন নিহত হয়েছে। তদন্ত করে প্রকৃত তথ্য বের করা হবে।

এ সময় ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইনুদ্দিনসহ সেনা, র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিন দুপুরে ২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় বিএম কনটেইনার টার্মিনাল পরিদর্শন করেন ।