নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৩ গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-০৯ ১৪:১১:৪১


নারায়ণগঞ্জের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ নারীর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা জা। দেওভোগ আখড়া এলাকায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন মনি রানী ঘোষ, বাসন্তি রানী ঘোষ ও বিমলা রানী ঘোষ।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা নাজমুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন ।

মৃত বিমলা রানীর ভাগনি শিল্পী রানী বলেন, ‘বিদ্যুতের তার বাড়ির কলাপসিবল গেট দিয়ে টানা ছিল। কোনো কারণে ওই তার থেকে গেট বিদ্যুতায়িত হয়। বৃষ্টির মধ্যে ড্রেন পরিষ্কারের সময় গেটটি ধরে ফেলেন আমার মামি বিমলা রানী। এতে তিনি প্রথমে বিদ্যুস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন অন্যরা।’

১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে দ্রুত তাদের বাড়ি থেকে উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, ‘তিন গৃহবধূর মরদেহ তাদের স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। ওই এলাকার বৈদ্যুতিক সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।’

এএ