রপ্তানিকৃত পণ্যে উৎসে কর দ্বিগুণ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৬-০৯ ১৯:১৬:০৫


প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে রপ্তানি পণ্যের ওপর উৎসে করহার দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফলে এ খাতে কর বেড়ে দ্বিগুণ হবে।

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেটে ঘোষণায় এ তথ্য জানান। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আহরণের প্রধানতম খাত হচ্ছে উৎস কর সংগ্রহ। আমাদের দেশের ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য। রাজস্ব নীতি প্রণয়নে উৎসে করহার যৌক্তিকীকরণের গুরুত্ব সর্বাধিক। এরই ধারাবাহিকতায় বিদ্যমান কর্পোরেট করহার বিবেচনায় ব্যাংক সুদের উৎসে করহার কোম্পানি করদাতার জন্য ১০ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ এবং রপ্তানি পণ্যেরর ওপর উৎসে করহার শূন্য দশমিক ৫ শতাংশের পরিবর্তে ১ শতাংশে বৃদ্ধির প্রস্তাব করছি।

এছাড়া ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে অনিবাসী করদাতার নিকট ব্যান্ডউইথ বাবদ প্রেরিত অর্থের ওপর উৎসে করের হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করছি। অবৈধ পন্থায় বিদেশে অনিবাসীর বিল পরিশোধ নিরুৎসাহিত করার লক্ষ্যে কতিপয় সেবা ব্যতীত অন্যান্য সকল প্রকার বিল পরিশোধের ক্ষেত্রে অনিবাসী হতে ৩০ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ হারে উৎসে কর কর্তনের প্রস্তাব করছি। নতুন উৎসে কর আরোপের ক্ষেত্র সম্প্রসারণে সরকারি পুকুর বা জলাশয় ব্যতীত অন্যান্য ক্ষেত্রে লিজ ভাড়ার ৫ শতাংশ হারে উৎসে কর আরোপের প্রস্তাব করছি।

এএ