আজ থেকে বাংলাদেশ-ভারত বাস সার্ভিস চালু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-১০ ১১:০৪:৫৮


বাংলাদেশ ও ভারতের মধ্যে আখাউড়া-আগারতলা ও বেনাপোল-হরিদাসপুর চেকপোস্ট দিয়ে ফের আন্ত:সীমান্ত বাস সার্ভিস চালু হয়েছে। মহামার করোনার প্রকোপের কারণে দুই বছরেরও বেশি সময় এ দুটি রুটে বাস চলাচল বন্ধ ছিল।

আজ শুক্রবার (১০ জুন) সকাল সাড়ে ৭টায় রাজধানীর কমলাপুর বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ডিপো থেকে কলকাতার উদ্দেশে প্রথম বাসটি ছেড়ে গেছে।

এ বিষয়ে বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, শুরুতে চারটি রুটে বাস চলাচল শুরু হয়েছে। ঢাকা-সিলেট-শিলং-গৌহাটি রুটের বাসের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।

করোনা মহামারির কারণে প্রায় ২৭ মাস স্থগিত থাকা এ বাস সার্ভিস আবারও চালু হওয়ায় বাংলাদেশ ও ভারতের পর্যটন বৃদ্ধি পাবে এবং দু’দেশের সম্পর্ক আরও জোরালো হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এছাড়া বাংলাদেশ ও ভারত সরকারের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া গেলে তামাবিল-ডাউকি চেকপোস্ট দিয়ে যথাসময়ে বাস চলাচল শুরু হবে।

প্রতিবেশি এই দুই দেশের মধ্যে সাশ্রয়ী ও জনবান্ধব যোগাযোগের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ এই বাস সার্ভিস, যা বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াতের একটি জনপ্রিয় মাধ্যমও।

করোনার কারণে ২০২০ সালের মার্চে বন্ধ হয়ে যায় বাংলাদেশ-ভারতের বাস যোগাযোগ। চলতি বছরের মার্চে এই সেবা ফের চালুর পরিকল্পনা থাকলেও ভিসা জটিলতায় তা আর বাস্তবায়ন করা যায়নি।

সানবিডি/এনজে