কাভার্ডভ্যানের ধাক্কায় মা-মেয়ে নিহত

জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৬-১১ ১৫:২০:১৮


কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছেন। কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর নদন্দনালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-রিনা খাতুন (৩০) ও জয়া (১১)। আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রিনার স্বামী আশরাফুল ইসলাম জনি (৩৬)। তিনি কুষ্টিয়া শহরের হউজিং সি ব্লকের আব্দুস সালামের ছেলে। পেশায় মোটরগাড়ি মেকার জনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জনি শুক্রবার তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে রাজবাড়ী জেলার পাংশার মাছপাড়া এলাকার শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি কুষ্টিয়া শহরের হাউজিংয়ে আসছিলেন। রাত সাড়ে ৯ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কে ওভারটেককালে কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই স্ত্রী রিনা খাতুন মারা যান। গুরুতর আহত জনি ও তার সন্তান জয়াকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়। রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে জয়াও মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া সদর হাসপাতালের আরএমও ডা. মো.আশরাফুল আলম বলেন, মায়ের মৃত্যুর প্রায় চার ঘণ্টা পরে রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জয়ার মৃত্যু হয়। তার বাবা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা মোটামুটি ভালো।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানটি টোলপ্লাজা এলাকা থেকে জব্দ করা হয়েছে।