হালদা নদী থেকে ফের মৃত ডলফিন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-১১ ২১:২০:৫৫


চট্টগ্রামের হালদা নদী থেকে ফের মৃত ডলফিন পাওয়া গেছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে নদীর রাউজান পশ্চিম গুজরা ইউনিয়েনর আজিমের ঘাট এলাকায় ভাসমান অবস্থায় মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। ডলফিনটির ওজন ১৫ কেজি। তবে মৃত ডলফিনটির শরীরে কোন দাগ পাওয়া যায়নি।

এ নিয়ে গত দুই মাসে তিনটি মৃত ডলফিন উদ্ধার করা হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ ও ইউপি সদস্য আবদুল্লাহ আল মাসুদ জানান, শনিবার বিকেলে নদীর আজিমের ঘাট এলাকায় ডলফিনটি ভাসতে এলাকার লোকজন খবর দেয়। এরপর স্থানীয়দের সাহায্যে ডলফিনটি উদ্ধার করে পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের পরীক্ষাগারে পাঠিয়ে দেওয়া হয়। উদ্ধারকৃত ডলফিনটি অনেকটা তাজা। কোনো ধরনের দুর্গন্ধ বা শরীরে কোন ধরনের দাগ পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া রাত সাড়ে ৮টায় বলেন ‘আমি চট্টগ্রাম শহরে ছিলাম। উদ্ধারকৃত ডলফিনটি আমাদের ল্যাবটরিতে আনা হয়েছে। দেখার পর বা পরীক্ষা-নিরীক্ষার পর বুঝতে পারো ডলফিনটি কিভাবে মারা গেছে। ’

তিনি আরো জানান, দুই মাসের ৩টি এবং গত কয়েক বছরে ৩৫টি মরা ডলফিন হালদা নদী থেকে উদ্ধার করা হয়েছে।

সানবিডি/এনজে