খুলনায় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-১৩ ১০:০৩:০৫


খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির গাজীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

রোববার (১২ জুন) রাতে স্থানীয় বারাকপুর ইউনিয়ন পরিষদ এলাকার রোয়ালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাকির গাজী তার মাছ ঘেরের ডিজেলের টাকা পরিশোধ করে আড়ুয়াঘাট এলাকা থেকে ফিরছিলেন। রোয়ালিয়ারচর প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে তার মোটরসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা। এরপর তারা রড, হাতুড়ি দিয়ে জাকির গাজীর শরীরে জখম করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্বত্তদের হামলায় গাজী জাকিরের দু’হাত, দু’পা ভেঙে গেছে। এছাড়া, শরীরের বিভিন্ন অংশে জখম করা হয়েছে।

ওসি জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে পূর্ব শত্রুতার জেরে এ হামলা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।