সিদ্ধিরগঞ্জে বিহারিদের সাথে পুলিশের সংঘর্ষ, আহত ২০

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-১৩ ১৫:৫২:৫২


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিহারিদের সাথে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (১৩ জুন) ভোরে আদমজী ইপিজেডের পকেট গেট এলাকায় এই সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। দফায় দফায় চলে বেলা ১১টা পর্যন্ত।

গেল শুক্রবার সিদ্ধিরগঞ্জে আদমজী শাহী জামে মসজিদে নামাজের আগে খুতবার সময় পুলিশের ওপর হামলার ঘটনায় সোমবার ভোর থেকে সুমিলপাড়া বিহারি কলোনিতে বিশেষ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি জানান, শুক্রবার জুম্মার নামাজের পর সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারী ক্যাম্প এলাকায় আদমজী শাহী জামে মসজিদের ভেতরে এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫০ জনের নাম উল্লেখসহ ১২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়। মামলার ৩০ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, সকালে বিহারি কলোনির লোকজন সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা করতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশকে লক্ষ্য করে তারা ইট-পাটকেল ছুড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫০ রাউন্ড টিয়ারশেল ও শতাধিক রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় ৪ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।