কুসিক নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-১৫ ১০:১৮:২৯


কুমিল্লা সিটি নির্বাচনে (কুসিক) ভোটের আগের রাতে ২ কাউন্সিলর প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাটাবিল স্কুলের সামনে এ সংঘর্ষ হয়।

বুধবার (১৫ জুন) সকালে কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, কাটাবিল এলাকার লাটিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী আরমানুর রহমান আরমানের লোকজন টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন। এ সময় তার লোকজন বাধা দিলে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করাত প্রতীকের প্রার্থী হুমায়ুন কবিরের তিনজন কর্মী মো. উজ্জ্বল, মো. রাফি ও মো. শাওন আহত হন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় উভয়পক্ষের সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে আরমানুরের বক্তব্য পাওয়া যায়নি।

ওসি সহিদুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।