রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-১৬ ১৫:৩৪:০৮
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবিরে সন্ত্রাসীদের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) ভোররাত ১টার দিকে ক্যাম্প ২ ও ক্যাম্প ৬ এর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সলিম (৩০) কক্সবাজারের উখিয়ার ক্যাম্প-২/ওয়েস্ট এর ব্লক-সি/২, আবদুল শুক্কুরের ছেলে। তিনি কথিত আরসা’র সমর্থক হিসেবে পরিচিত।
বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএনের অধিনায়ক (এসপি) মো. নাইমুল হক বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দুইগ্রুপের মধ্যে বুধবার রাতে গোলাগুলি হয়। তার মধ্যে একটি গ্রুপ ছিল মুন্না বাহিনীর আর অপর গ্রুপটির নাম জানা যায়নি। বালুর মাঠ আর নৌকার মাঠের মাঝামাঝি স্থানে গোলাগুলির এক পর্যায়ে হঠাৎ সলিম নামের ক্যাম্পের এক রোহিঙ্গার গায়ে গুলি লাগে। গোলাগুলির খবর পেয়ে এপিবিএন ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সলিমকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে রাত ৩ টার দিকে সে মারা যায়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনার বিষয়ে এপিবিএন আমাদের অবহিত করেছেন। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হচ্ছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













