চট্টগ্রামে পাহাড় ধসে ৪ জনের প্রাণহানী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-১৮ ০৯:৪৬:১৮
চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পাহাড় ধসে চারজনের প্রাণহানী ঘটেছে। এছাড়া আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দুজন। শুক্রবার (১৭রাতে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন শাহিনুর আকতার (৩০) ও মাহিনুর আকতার (২০)। তারা আপন দুই বোন।
আর বাকি দুজন হলেন লিটন (২১) এবং ইমন (১৪)। তারাও আপন দুই ভাই।
বিষয়টি নিশ্চিত করেছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর।
এ ব্যাপারে তিনি জানান, রাত দেড়টার দিকে আকবর শাহ থানাধীন ১ নম্বর ঝিলের বরিশালঘোনা এলাকায় পাহাড় ধসে একই পরিবারের চারজনসহ ছয়জন মাটি চাপা পড়েন। এতে মারা যান শাহিনুর ও মাহিনুর নামে দুই বোন।
এসময় ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের বাবা ফজল হক ও মাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের গ্রামের বাড়ি পিরোজপুরে বলে জানিয়েছেন ওসি ওয়ালী উদ্দিন।
অন্যদিকে রাত ৩টার দিকে একই থানাধীন বিজয়নগর লেকসিটি এলাকায় আরেক পাহাড় ধসে লিটন ও ইমন মারা যান।
এ বিষয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা এনামুল হক বলেন, বরিশালঘোনায় পাহাড় ধসে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। অন্যদিকে লেকসিটি এলাকায় পাহাড় ধসে মাটি চাপা পড়েছিল দুই ভাইয়ের মরদেহ। সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













