পৌর নির্বাচনের দুর্নাম যেন ইউপিতে না হয়’

প্রকাশ: ২০১৬-০৩-০২ ২৩:২৩:২৬


pppজাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, পৌরসভার নির্বাচনে ভোট প্রদান নিয়ে যে দুর্নাম হয়েছে, ইউপি নির্বাচনে একই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। তাহলে সেই দুর্নাম চিরস্থায়ী হবে। বুধবার বিকাল ৪টায় গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, দলীয় প্রতীকে নির্বাচন করে সরকার বিশ্বকে বোঝাতে চায় সর্বস্তরে তাদেরই নিরঙ্কুশ সমর্থন রয়েছে। তবে গণতন্ত্রের স্বার্থে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হবে। তা না হলে মানুষ ভোটের ব্যাপারে আগ্রহ হারাবে। সাবেক এ রাষ্ট্রপতি বলেন, দুটি দলকে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে দেখেছেন। তাদের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জাতীয় পার্টির আমলে উন্নয়ন কর্মকাণ্ড মিলিয়ে দেখা হলে পার্থক্য বোঝা যাবে। তাই সবাই এখন জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায়।

তিনি আরও বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থাকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করতে হবে। জাপা ক্ষমতায় এলে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করে প্রশাসনকে জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেয়া হবে।

জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া, জাপা চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী, জেলা সাধারণ সম্পাদক রাগিব হাসান চৌধুরী হাবুল প্রমুখ।

সম্মেলনে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাপা মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়। পরে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ সরকার ও রাগিব হাসান চৌধুরী হাবুলকে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক করে নতুন জেলা কমিটির ঘোষণা দেন পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।