গণভোটের রায় মানলে ফ্যাসিবাদের পুনরুত্থান হবে না: ড. হেলাল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৮-২৯ ১৬:১৭:০৮
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করা হলে দেশে আর শেখ হাসিনার মতো কোনো একক ক্ষমতাধর বা ফ্যাসিবাদী শাসকের উত্থান ঘটবে না।
তিনি বলেন, ‘যারা হাসিনার মতো একক ক্ষমতাধর হতে চায়, তারাই গণভোটের রায় মেনে নিতে চায় না। কারণ গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন হলে দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ হবে।’
বুধবার (২৯ জুলাই) দুপুরে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রাজধানীর রমনা পার্ক এলাকায় পথশিশু, ছিন্নমূল, দুঃস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. হেলাল উদ্দিন বলেন, রাজনীতির নামে যারা চাঁদাবাজি করে, তারা কখনো জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা করতে পারে না এবং ভবিষ্যতেও পারবে না। ক্ষমতাসীন দলের দুর্নীতি ও চাঁদাবাজির কারণে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, কেবল সরকারের সদিচ্ছার অভাব এবং দলীয় নেতাকর্মীদের দুর্নীতি ও চাঁদাবাজির কারণে দেশের মানুষ এখনো দারিদ্র্যের হাত থেকে মুক্তি পাচ্ছে না।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খানের সভাপতিত্বে এবং মহানগরীর মজলিসে শুরা সদস্য হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহবাগ পশ্চিম থানা কর্মপরিষদ সদস্য মাঈন উদ্দিন, আব্দুল কাইয়ুমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে শতাধিক পথশিশু, ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এদিকে, বিকেলে শাহবাগ পশ্চিম থানার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। শাহবাগ পশ্চিম থানা আমীর অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।
এ সময় শাহবাগ পশ্চিম থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় মানুষের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














