বন্যায় কিশোরগঞ্জে শতাধিক গ্রাম প্লাবিত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-১৮ ২১:১০:২৮
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কিশোরগঞ্জের হাওরের ছয়টি উপজেলার ২৫টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। শনিবার (১৮ জুন) দুপুর পর্যন্ত হাওর এলাকার বিভিন্ন নদ-নদীর পানি উপচে প্লাবিত হয়েছে গ্রাম, হাট-বাজার এবং আশ্রয় কেন্দ্রগুলো। ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকার মানুষদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।
জেলা প্রশাসন সূত্র মতে, ইটনা উপজেলার ৫টি এবং মিঠামইন উপজেলার ৭টি ইউনিয়নের সবকটি, অষ্টগ্রামের ১টি, নিকলীর তিনটি, করিমগঞ্জের পাচঁটি এবং তাড়াইল উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাটবাজারে পানি ঢুকতে শুরু করেছে।
এছাড়া গত কয়েক দিনের ভারি বর্ষণে কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের জনজীবনে বিপর্যয় ঘটেছে। দেখা দিয়েছে গবাদি পশু খাদ্য এবং তাদের আশ্রয় সংকট।
কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জ হাওড়ের উপর প্রবাহিত বিভিন্ন নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় বিপৎসীমার তিন ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এমনভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে অবস্থার আরও দ্রুত অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান,উজান থেকে নেমে আসা ঢলে কিশোরগঞ্জের হাওড়ের প্রত্যেক জায়গায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলা করার জন্য সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













