সিলেটে রেল যোগাযোগ সচল

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-১৯ ১৬:৩১:২৭


একদিন বন্ধ থাকার পরই চালু হয়েছে সিলেটের রেল যোগাযোগ। রেল স্টেশনে পানি প্রবেশ করায় বন্ধ হয়েছিল ট্রেন চলাচল। কিন্তু পানি নেমে যাওয়ায় পুনরায় চলছে ট্রেন। সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ সচল হয়েছে।

রোববার (১৯ জুন) বেলা দেড়টায় ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস সিলেট স্টেশনে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম।

তিনি জানান, শনিবার দুপুরের আগে সিলেট রেলস্টেশনে বন্যার পানি ঢুকে পড়ায় ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। শনিবার ট্রেন চলছিল ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও রেলস্টেশন থেকে। তবে আজ পানি নেমে যাওয়ায় দুপুরের পর থেকেই ট্রেন চলতে শুরু করেছে। ইতোমধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস সিলেট স্টেশনে এসে পৌঁছেছে।

এদিকে সিলেটের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় কদমতলী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে বিভিন্ন উপজেলায় বাস চলাচল করছে। তবে সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল এখনও বন্ধ আছে।