নওগাঁয় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-২১ ১৫:৩০:০৬


নওগাঁর মান্দায় বজ্রপাতের ঘটনায় জমসেদ আলী (৪০) ও জেহের আলী (৭০) নামে দুই কৃষক নিহত হয়েছেন। এসময় তহিদুল ইসলাম (৭০) নামে আরও এক কৃষক আহত হন বলে জানা গেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌদ্দমাইল এলাকায় বজ্রপাতের এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই তেঁতুলিয়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী কায়েম উদ্দিন জানান, হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। একই সঙ্গে বৃষ্টি শুরু হয়। এসময় চৌদ্দমাইল মোড় সংলগ্ন মাঠে কৃষকেরা ধান রোপণের কাজ করছিলেন। আকাশের অবস্থা খারাপ দেখে আশ্রয় নেওয়ার জন্য তারা চৌদ্দমাইল মোড়ে আসছিলেন।

তিনি আরও বলেন, কৃষকরা মাঠ থেকে পাকা রাস্তায় ওঠার পরপরই বজ্রপাতে ঘটনাস্থলেই জমসেদ আলী ও জেহের আলী মারা যান। আহত তহিদুল ইসলামকে উদ্ধার করে সাবাইহাট স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে, বজ্রপাতে হতাহতের সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা। এসময় তিনি নিহত জমসেদ ও জেহের আলীর পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

সানবিডি/এনজে