ঝরনায় নিখোঁজ ৩ পর্যটকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-২১ ১৬:২১:১৫


চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়ের নয়দুয়ারিয়া এলাকার পাহাড়ের নাপিত্তাছড়া ঝরনায় নিখোঁজ ৩ পর্যটকের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, গত রোববার চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে একসঙ্গে দুই ভাই ও তাদের এক বন্ধুকে নিয়ে ঘুরতে যায় মিরসরাইয়ের নাপিত্তাছড়া ঝরনায়। পরে টানা বৃষ্টিতে প্রবল স্রোতে তিন পর্যটক পানিতে তলিয়ে যায়। তাদেরকে আর খুঁজে পাওয়া যাইনি।

মঙ্গলবার (২১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের একটি ছড়া থেকে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের ছাত্র তৌফিক আহম্মেদ তারেকের লাশ উদ্ধার করা হয়। এর আগে রোববার (১৯ জুন) রাতে উদ্ধার করা হয় তার বন্ধু ইশতিয়াকুর রহমান ও সোমবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টায় উদ্ধার করা হয় তারেকের বড় ভাই ইউএসটিসির ছাত্র মাসুদ আহম্মেদ তানভীরের লাশ।

তারেকের বন্ধু ফুয়াদ হাসান জানান, তারেকের লাশ খালে ভেসে যেতে দেখে স্থানীয়রা রশি দিয়ে বেঁধে রাখে। পরে তারেকের বন্ধুরা খোঁজ পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, মঙ্গলবার সকালে ঝরনা থেকে ৪ কিলোমিটার দূরে খৈয়াছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাগল খাইয়া খালে ভাসমান অবস্থায় তারেকের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে ইশতিয়াকুর রহমান প্রান্ত ও মাসুদ আহম্মেদ তানভীরের লাশ উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত রোববার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার নাগাদ মিরসরাইয়ের নাপিত্তাছড়া ঝরনার চূড়া থেকে নিচে পড়ে যায় তানভীর, তার ভাই তারেক ও তাদের বন্ধু ইশতিয়াকুর। ওইদিন রাতে ইশতিয়াকুরের লাশ উদ্ধার করা হয়। পরে সোমবার দুপুর ১২টা থেকে নিখোঁজ দুই সহোদর তানভীর ও তারেককে উদ্ধার করতে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজ চালায়। পরে গত সোমবার বিকেল সাড়ে ৪টার নাগাদ স্থানীয় একটি ছড়ার পানিতে নিখোঁজ তানভীরের লাশ পাওয়া যায়। সর্বশেষ আজ মঙ্গলবার একই ছড়ার পানিতে তারেকের লাশ ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ইশতিয়াক জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. জাকারিয়ার ছেলে। চট্টগ্রামের হালি শহরের বি-ব্লকে তার বাড়ি। আর তানভীর ও তারেকের বাবার নাম শাহাবুদ্দিন। তাদের বাড়ি চট্টগ্রামের হালি শহরে।